সবার আগে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ, নেপালের বিদায়
স্পোর্টস ডেস্ক
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসেবে সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। মুম্বাইয়ে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে নেপালকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপসেরা হয়েই শেষ আটের টিকিট কেটেছে ক্যারিবীয়রা। টানা তিন ম্যাচে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে নেপালের।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নেপাল। মাত্র ২৩ রানে চার ও ৪৬ রানে পাঁচ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে দলটি। সেখান থেকে দীপেন্দ্র সিং ঐরি ও সোমপাল কামির দৃঢ়তায় লড়াইয়ে ফেরার চেষ্টা করে তারা। দীপেন্দ্র ৪৭ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় ৫৮ রান করেন। শেষদিকে সোমপাল ১৫ বলে ২৬ রান যোগ করলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রান তোলে নেপাল।
১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পায় ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে আসে ৪৩ রান। ব্র্যান্ডন কিং ২২ রান করে ফিরলেও এরপর অধিনায়ক শাই হোপ ও শিমরন হেটমায়ার ম্যাচের নিয়ন্ত্রণ নেন। দুজনের অবিচ্ছিন্ন ৯১ রানের জুটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা।
হোপ ৪৪ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন। হেটমায়ার ৩২ বলে ৪টি চার ও ২টি ছক্কায় করেন ৪৬ রান। মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।
‘সি’ গ্রুপে তিন ম্যাচে তিন জয় নিয়ে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৬। সমান ম্যাচে ইংল্যান্ডের পয়েন্ট ৪। স্কটল্যান্ডের ৩ ম্যাচে ২ এবং ইতালির ২ ম্যাচে ২ পয়েন্ট। আর টানা তিন পরাজয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে নেপালের।
