বৃষ্টিতে পরিত্যক্ত জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ, অস্ট্রেলিয়ার বিদায়

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘বি’ থেকে স্বাগতিক শ্রীলঙ্কার পর দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচ থেকেই প্রয়োজনীয় এক পয়েন্ট পেয়ে শেষ আটে জায়গা করে নেয় তারা। ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার।

মঙ্গলবার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে টানা বৃষ্টির কারণে টসও করা সম্ভব হয়নি। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করলে দুই দলই পায় ১ পয়েন্ট করে।

এই এক পয়েন্টেই জিম্বাবুয়ের মোট পয়েন্ট দাঁড়ায় ৫। সুপার এইটে উঠতে তাদের প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। অন্যদিকে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ২ পয়েন্ট। শেষ ম্যাচ জিতলেও সর্বোচ্চ ৪ পয়েন্টে পৌঁছাতে পারত তারা। ফলে জিম্বাবুয়ের পয়েন্ট প্রাপ্তির সঙ্গে সঙ্গেই অজিদের বিদায় নিশ্চিত হয়ে যায়।

গ্রুপে ইতোমধ্যেই সুপার এইট নিশ্চিত করেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের সঙ্গে তারাও শেষ আটে খেলবে। আয়ারল্যান্ডের পয়েন্ট দাঁড়ায় ৩, তারাও ছিটকে গেছে প্রতিযোগিতা থেকে।

এবারের বিশ্বকাপে চোটে জর্জরিত অস্ট্রেলিয়া শুরু থেকেই সংগ্রাম করেছে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের কাছে হেরে কঠিন সমীকরণে পড়ে যায় তারা। শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জিতলেও আর কোনো লাভ হতো না। উল্লেখ্য, গ্রুপের তলানিতে থাকা ওমান এখনো কোনো ম্যাচ জিততে পারেনি।

বৃষ্টির বাধায় মাঠে বল না গড়ালেও গ্রুপ ‘বি’-র সমীকরণ বদলে গেছে নাটকীয়ভাবে শেষ পর্যন্ত সুপার এইটে জায়গা পেল জিম্বাবুয়ে, আর অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যাত্রা থেমে গেল গ্রুপ পর্বেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights