বগুড়ায় তিন হাজার পিস ইয়াবা পাচারকালে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বাসে করে পাচারকালে তিন হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোররাতে বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বোনগাঁও কালিতলা গ্রামের মো. মানারুল ইসলাম ওরফে মান্না (২৮) এবং একই উপজেলার মেদনী সাগর ফজুপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেন (৩০)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের একটি দল বৃহস্পতিবার ভোরে নওদাপাড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে অবস্থান নেয়। এ সময় ঢাকা থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস সেখানে পৌঁছালে সংকেত দিয়ে থামানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসের সিটে বসা দুই যাত্রীর দেহ তল্লাশি করে তিন হাজার পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তাঁদের কাছ থেকে ইয়াবাসহ দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, রমজানে সেহরির সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি কিছুটা শিথিল থাকতে পারে। এমন ধারণা থেকে তারা এই সময়টিকে মাদক পাচারের জন্য বেছে নিয়েছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম বাদী হয়ে বৃহস্পতিবার সকালে বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান জানান, মাদক পাচারকারীরা ধর্মীয় আবেগের সময়টিকে সুযোগ হিসেবে ব্যবহারের চেষ্টা করেছিল। কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights