কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত, হাসপাতালে নেই জলাতঙ্ক ভ্যাকসিন
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় পাগলা কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার পৌর এলাকার ছোট আলমপুর মাস্টারবাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একটি পাগলা কুকুর জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদের ছেলে নৌফল হাসানকে (৭) শরীরের বিভিন্ন স্থানে কামড়ে গুরুতর আহত করে। স্থানীয়দের ধাওয়া খেয়ে কুকুরটি পালানোর সময় প্রবাসী ইলিয়াস হোসেনের ছেলে ইয়াছিন (৬) এবং একই এলাকার ফারুক হোসেনের ছেলে জাবেদ হোসেনকে (৯) কামড়ে আহত করে। জাবেদ স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
এর আগের দিন বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় মান্নান মিয়ার বাসার ভাড়াটিয়া আল আমিনের ছেলে আবিরকে (৫) একই কুকুর কামড়ে আহত করে। ধাওয়া খেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স কোয়ার্টারে বসবাসকারী সিনিয়র নার্স তাহমিনা আক্তারের ছেলে সানিকেও (৮) কামড়ে আহত করে।
আহত শিশুদের অভিভাবকরা অভিযোগ করেন, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্ক ও সাপের বিষনাশক ভ্যাকসিনের সরবরাহ নেই। ফলে জরুরি মুহূর্তে বাইরে থেকে উচ্চমূল্যে ভ্যাকসিন কিনতে হচ্ছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিবুস সালাম খান জানান, দীর্ঘদিন ধরে কুকুর ও সাপের কামড়ের ভ্যাকসিন হাসপাতালে সরবরাহ নেই। উপজেলা পরিষদের অর্থায়নে কিছু ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও তা পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম বলেন, পাগলা কুকুরের বিষয়টি নিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও পৌরসভার প্রশাসকের সঙ্গে আলোচনা হয়েছে। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভ্যাকসিন সরবরাহের বিষয়টিও সমাধান করা হবে।
