ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন

অস্ট্রেলিয়া প্রতিনিধি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য পতাকা উত্তোলন অনুষ্ঠান। গত বুধবার সকালে সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল -এর প্রাঙ্গণ রঙ, গর্ব ও গভীর প্রতীকী বার্তায় মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃত্বে এবং বিভিন্ন সম্প্রদায়ের আয়োজিত এ অনুষ্ঠান ছিল ভাষা ও সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের এক অনন্য দৃষ্টান্ত।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষা কেবল শব্দের সমষ্টি নয়-এটি আমাদের পরিচয়, ইতিহাস ও আত্মপরিচয়ের ভিত্তি। উপস্থিত ছিলেন ক্যাম্পবেলটাউনের মেয়র ডার্সি লাউন্ড।

তিনি বলেন, মাতৃভাষাকে সম্মান জানানো মানে আমাদের সমাজকে গড়ে তোলা মানুষ ও সংস্কৃতিকে সম্মান জানানো। তিনি সম্প্রদায়গুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা নিজেদের মাতৃভাষার জ্ঞান সংরক্ষণ ও প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে উদ্যোগী হন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যাম্পবেলটাউন আসনের এমপি গ্রেগ ওয়ারেন এবং বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ চৌধুরী, ইব্রাহিম খলিল মোহাম্মদ মাসুদ ও আশ রহমানসহ কাউন্সিলর কারেন হান্ট ও তাও ট্রিবেলস।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল আল ফয়সাল কলেজ, মিন্টোর শিক্ষার্থীদের পরিবেশনায় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত। তাদের পরিবেশনা স্মরণ করিয়ে দেয় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির সেই ঐতিহাসিক আন্দোলনের কথা, যখন তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালিরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে আত্মত্যাগ করেন। পরবর্তীতে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

এদিকে ক্যাম্পবেলটাউনে একটি ‘মাদার ল্যাঙ্গুয়েজ মনুমেন্ট’ স্থাপনের উদ্যোগও এগিয়ে চলছে। এ প্রকল্পের জন্য কাউন্সিল সম্প্রতি ৫০ হাজার ডলার বরাদ্দ বিবেচনা করেছে এবং অস্ট্রেলিয়ান সরকারের পক্ষ থেকেও অর্থায়নের সম্ভাবনার কথা জানানো হয়েছে।

স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এই পতাকা উত্তোলন অনুষ্ঠান ক্যাম্পবেলটাউনের বহুসাংস্কৃতিক চেতনা ও সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights