‘বাংলাকে মায়ের ভাষা রাখতে হলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না’

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাকে মায়ের ভাষা রাখতে হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। নিজের ভাষাকে ঠিক মতো জানার চেষ্টা করি না বলেই জাতিসত্তার ভিত্তি দুর্বল হচ্ছে। স্লোগানের চেয়ে জাতীয় চেতনার চর্চা বেশি জরুরি।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাংলা ভাষাটা নিজের মধ্যে যদি একটু চিন্তা করতাম। আজকের ছেলে-মেয়েরা ইনকিলাব, ইনকিলাব বলতো না। ইনকিলাব তো অন্যদের ভাষা। যারা আমাদের ভাষাটাকে কেড়ে নিতে চেয়েছিল।

মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কথা উল্লেখ করে টুকু বলেন, আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম জীবন দেওয়ার জন্য। সমাজ পরিবর্তনের জন্য। তবে সমাজ যে উল্টোপথে হাঁটে এখন দেখা যাচ্ছে। ইনকিলাবসহ আরও শব্দ পাচ্ছি। যাদের সাথে বাংলার কোনো সম্পর্ক নেই। অথচ আমাদের ছেলেদের সেটাই ভাষা হয়ে যাচ্ছে।

তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার প্রথম সোপান। সেদিনই ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল এই বাংলাদেশ একটি স্বাধীন স্বত্ত্বা হবে। ভাষার জন্য লড়াই মানে একটি মানচিত্রের জন্য লড়াই। সেই লড়াই ২১ ফেব্রুয়ারি শুরু হয়েছিল ৭১’এ শেষ হয়েছে। ভাষা দিবসে নতুন প্রজন্মের কাছে বার্তা হলো- নিজের মাতৃভাষাকে সবার উপরে রাখতে হবে এবং নিজের মাতৃভাষাকে রক্ষা করতে হবে। একুশ আমাদের এটাই শেখায়।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, অনেকে বলে ভাই শিল্পকারখানা দিয়ে ভরে ফেলতে হবে। আমি বলি শিল্পকারখানা করতে তো জমি লাগে সেই জমি কোথায়? কৃষিতে যদি শিল্প কারখানা করা হয় তাহলে খাওয়ার জন্য আমাদের অন্য কিছুর উপর নির্ভর করতে হবে।

মন্ত্রী বলেন, নিজের দেশকে ভালোবাসুন, নিজের ভাষাকে ভালোবাসুন। নিজের সম্পদকে ভালোবাসুন, নিজের জাতিকে ভালোবাসুন তাহলে দেখবেন দেশ দাঁড়িয়ে গেছে। নিজের দেশ, ভাষা, সংস্কৃতি ও সম্পদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই টেকসই উন্নয়ন সম্ভব।

জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights