দুধ মজুত করে বাড়তি দামে বিক্রির চেষ্টা কলেজ মোড়ে ধাওয়া-পাল্টা ধাওয়া
নিজস্ব প্রতিবেদক:
রমজানকে কেন্দ্র করে কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুধের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। অতিরিক্ত মুনাফার আশায় বাজার থেকে দুধ সংগ্রহ করে পরে চড়া দামে বিক্রির চেষ্টা করায় দুধ বিক্রেতা ও ক্রেতাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় বাজারে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার কলা ব্যবসায়ী মংগা মিয়া বাজারে দুধ বিক্রি করতে আসা ক্ষুদ্র বিক্রেতাদের কাছ থেকে ৮০ টাকা লিটার দরে সব দুধ কিনে নেন। পরে তিনি দুধগুলো তার কলা বিক্রির ভ্যানের নিচে লুকিয়ে রাখেন। অভিযোগ রয়েছে, পরবর্তীতে তিনি সেগুলো ১০০ টাকা লিটার দরে বিক্রি করতে চেয়েছিলেন, যার উদ্দেশ্য ছিল বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা অর্জন।
বিষয়টি স্থানীয়দের নজরে এলে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে দুধ বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে অভিযুক্ত ব্যবসায়ীর বাকবিতণ্ডা শুরু হয় এবং পরিস্থিতি দ্রুত ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।
স্থানীয়রা জানান, রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের এমন কৃত্রিম সংকট সাধারণ মানুষের ভোগান্তি বাড়ায়। তারা প্রশাসনের বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন।
