ডিএনসিসি এলাকায় মশা নিধনে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ
অনলাইন ডেস্ক
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় মশার উপদ্রব বন্ধ ও কার্যকর মশক নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সংস্থার সচিব (এলজিআরডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে এ নোটিশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না নিলে উচ্চ আদালতে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার ঢাকার জজ কোর্টের আইনজীবী এইচ এম রাশদুল ইসলাম (রাশেদ) ডাকযোগে নোটিশটি পাঠান। এতে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে মশক নিধনে কার্যকর উদ্যোগ না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী রিট পিটিশন দায়ের করা হবে।
নোটিশে বলা হয়েছে, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর মিরপুর-১–এর ‘ডি’ ব্লকে বসবাসকালে আইনজীবী রাশদুল ইসলাম নিজে ডেঙ্গুতে আক্রান্ত হন এবং দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হন। একই বছরের ৩১ অক্টোবর অ্যাডভোকেট জান্নাতি রেহানা (জয়া) ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নোটিশে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে ডিএনসিসি এলাকায় এডিস ও কিউলেক্স মশার অস্বাভাবিক বিস্তার দেখা যাচ্ছে। এর ফলে ডেঙ্গু ও চিকনগুনিয়ার মতো রোগ ব্যাপক আকার ধারণ করেছে, যা নাগরিকদের জীবন ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
মশা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে প্রশাসনিক ব্যর্থতার পাশাপাশি বিধিবদ্ধ দায়িত্বে চরম গাফিলতি হিসেবে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিকে সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকারের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
