ভারতের হারের পেছনে যেসব কারণ দেখছেন টেন ডেসকাট

অনলাইন ডেস্ক

সুপার এইটের শুরুটা একেবারেই বাজে হয়েছে ভারতের। সুপার এইট পর্বে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে খড়কুটোর মত উড়ে গেছে টিম ইন্ডিয়া। ৭৬ রানের বিশাল হার দিয়ে সম্ভাব্য সবচেয়ে বাজে উপায়ে সুপার এইট শুরু করেছে ভারত।

আহমেদাবাদে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রানের সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। মাত্র ২০ রানের মধ্যে ৩ উইকেট হারালেও ফিফটি হাঁকানো ডেভিড মিলারের ব্যাটে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। সাথে ছিলেন ডেওয়াল্ড ব্রেভিস, শেষ দিকে ত্রিস্টান স্টাবস। মিলারের ৩৫ বলে ৬৩ রানের ইনিংস, ব্রেভিসের ২৯ বলে ৪৫ রান এবং স্টাবসের ২৪ বলে ৪৪ রানের ঝড়ের সুবাদে লড়ার মত পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা।

জবাব দিতে নেমে ভারতও শুরুতে তালগোল পাকিয়ে ফেলে। মাত্র ২৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। তবে তাদের আর কেউ ম্যাচে ফেরাতে পারেনি। মাঝে শিভাম দুবের ৩৭ বলে ৪২ রানের ইনিংসে হারের ব্যবধান কমেছে। ১১১ রানে থেমেছে ভারতের ইনিংস। দক্ষিণ আফ্রিকা তুলে নেয় ৭৬ রানের জয়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ম্যাচ নিয়ে কাঁটাছেঁড়া করেছেন ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট। সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘অনেক হতাশাজনক পারফরম্যান্স। যখন আপনি বিশ্বকাপ জেতার পরিকল্পনা করবেন, টুর্নামেন্টের মাঝে এসে কেউ বিশ্বকাপ হাতে তুলে দেবে না। আজকে আমরা অনেক ভুল করেছি। আমরা জানি, এমন পরিস্থিতিতে সর্বোচ্চ একটি ম্যাচে আমরা ভুল করতে পারি। শুরুতেই ভুল করে ফেলেছি এবং বিশ্বাস রাখছি জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে এই ছেলেরা ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে। গ্রুপ থেকে সেমিতে যেতে অন্তত ৪ পয়েন্ট লাগবে। ফলে ২ ম্যাচে ভালো পারফরম্যান্স দরকার।’

আজকের ম্যাচের পর কোন ৩টি বড় জায়গায় উন্নতি করতে চাইবে ভারত? জবাবে টেন ডেসকাট জানান, ‘৩টিই কেন হতে হবে? (হাসি) আসলে আমার মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এমন উইকেটে খেলতে পারা, যেসব উইকেটে আমরা খেলে অত অভ্যস্ত নই। দক্ষিণ আফ্রিকা আজকে ৩০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল পরে আমাদের ডিফেন্ডিং বোলিংয়ের ফায়দা নিয়েছে।’

রায়ান টেন ডেসকাট আরও বলেন, ‘ব্যাটিংয়ে শুরুতে ঈশানকে হারিয়ে ফেললাম, তাদের দলে ৩ জন কোয়ালিটি পেসার রয়েছে। ফলে এখানেও অনেক বুঝেশুনে খেলা দরকার ছিল। আমার মনে হয় এখন সময় এসেছে সবাইকে বলার যে, রান তাড়া করার বা রান তোলার ক্ষেত্রেও অন্য ভালো উপায় রয়েছে। এসব নিয়ে অনেক কথা হয়েছে আমাদের, তবে মাঠে কাজে লাগাতে পারিনি। এসবের মূল্যই চুকাতে হয়েছে আজকের ম্যাচ হেরে।’

দক্ষিণ আফ্রিকার বোলিং নিয়ে কোচ বলেন, ‘তারা লেন্থটা ভালোভাবে ধরে রেখেছে। বল কিছুটা স্কিড করেছে। লুঙ্গির (লুঙ্গি এনগিডি) দারুণ স্লোয়ার বল আছে। এই ব্যাপার নিয়ে আমরা অনেক প্ল্যান করেছি। তাকে কৃতিত্ব দিতেই হবে, এত এত প্ল্যানের পরেও সে সবকিছু জয় করে নিজের কাজটা করে দিয়েছে। তাদের তিন পেসার দারুণভাবে লেন্থ ধরে রেখেছে। তারা আমাদের সহজেই বাউন্ডারি মারতে দেয়নি। এখানেই দুই দলের মাঝে পার্থক্যটা গড়ে দেওয়া হয়েছে।’

ভারতের পরবর্তী ম্যাচ আগামী ২৬ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। সেখানেও হারলে বিদায় প্রায় নিশ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights