ইংল্যান্ড সফর, তামিমদের প্রস্ততি ক্যাম্প সিলেটে

নিজস্ব প্রতিবেদক

আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে সিলেটে হবে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পছন্দেই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামকে বেছে নিয়েছে বিসিবি।

ঈদের পর ২৬ এপ্রিল এই ক্যাম্প শুরু হতে পারে। বাংলাদেশ দল ইংল্যান্ডে যাবে ১ মে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সোমবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, ‘ঈদের পর সিলেটে একটা ক্যাম্প হবে। খুব সংক্ষিপ্ত ক্যাম্প। যাওয়ার আগে সেখানে হয়তো ২-৩ দিন অনুশীলন করবে। উইকেট-কন্ডিশন চিন্তা করেই সিলেটকে বেছে নেওয়া। প্রধান কোচই এটা নির্বাচন করেছে।’
জালাল আরও বলেছেন, ‘আমরা সেখানে পৌঁছাব ২ মে। সেখানে অনুশীলন আছে, প্রস্তুতি ম্যাচ আছে ৫ মে। প্রধান কোচই চেয়েছিল, প্রস্তুতির জন্য সময় বাড়ানো যায় কি না। তাই আমরা আগে যাচ্ছি।’

তবে প্রস্তুতিতে দলের সঙ্গে থাকছেন না লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। দুজনেরই ছুটি ৪ মে পর্যন্ত। মোস্তাফিজ সেদিনই ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন। তবে লিটন ছুটি বাড়িয়ে নিয়েছেন। জালাল বলেছেন, ‘লিটন দুই দিন বেশি ছুটি চেয়েছে। সম্ভবত লিটন ৫ তারিখে যোগ দেবে। সেটাতে আমরা রাজি হয়েছি। আর মোস্তাফিজ ঠিক সময়েই পৌঁছাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights