মেসির গোলে মায়ামির জয়

অনলাইন ডেস্ক

লিওনেল মেসির গোলে প্রীতি ম্যাচে জয় পেয়েছে ইন্টার মায়ামি। পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত ম্যাচে ইন্দেপেন্দিয়েন্তে দেল ভাল্লেকে ২-১ গোলে হারিয়েছে এমএলএস চ্যাম্পিয়নরা। নতুন মৌসুমের আগে গত ১৩ ফেব্রুয়ারি ম্যাচটি হওয়ার কথা থাকলেও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মেসি খেলতে না পারায় সেটি স্থগিত করা হয়। পরে প্রতিশ্রুতি অনুযায়ী বৃহস্পতিবার ম্যাচটি আয়োজন করা হয়।

ম্যাচে মায়ামির হয়ে গোল করেন সান্তিয়াগো মোরালেস ও লিওনেল মেসি। বিরতির পর মাঠে নামা আর্জেন্টাইন তারকা পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন। মেসি বল ছোঁয়ার প্রতিবারই গ্যালারিতে ওঠে দর্শকদের উচ্ছ্বাস।

এ ম্যাচ দিয়েই শেষ হলো মায়ামির প্রাক-মৌসুম সফর। যদিও এরই মধ্যে এমএলএসের নতুন মৌসুম শুরু করে ফেলেছে দলটি। প্রথম ম্যাচে এলএএফসির কাছে ৩-০ গোলে হেরে শিরোপা রক্ষার অভিযান শুরু হয় তাদের।

ঘন সূচি সামনে থাকলেও হেড কোচ হাভিয়ের মাসচেরানো ইন্দেপেন্দিয়েন্তের বিপক্ষে শক্তিশালী দল নামান, যাতে কম সময় পাওয়া খেলোয়াড়রা ম্যাচ অনুশীলনের সুযোগ পান। লুইস সুয়ারেজসহ কয়েকজন নিয়মিত খেলোয়াড় এ ম্যাচে মাঠে নামেন।

ম্যাচের শেষদিকে মেসিকে কাছ থেকে দেখার জন্য কিছু ভক্ত মাঠে ঢুকে পড়েন। তাদের মধ্যে দুজন ম্যাচ শেষ হওয়ার আগেই বিশ্বকাপজয়ী তারকার সঙ্গে সেলফি তুলতেও সফল হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights