ভারতের বিপক্ষে ইতিহাস গড়লেন সিকান্দার রাজা

অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি ভারত। তবে জিম্বাবুয়েকে পেয়েই বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে তারা। অভিষেক শর্মা ও হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৪ উইকেটে ২৫৬ রান তোলে ভারত। জবাবে খেলতে নেমে জিম্বাবুয়ের ইনিংস থামে ১৮৪ রানে।

চেন্নাইয়ের ঐতিহ্যবাহী চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারতের বিপক্ষে দল হেরে গেলেও ম্যাচে নতুন ইতিহাস গড়লেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।

ম্যাচে ২১ বলে ৩১ রানের লড়াকু ইনিংস খেলেন রাজা। যদিও ৭২ রানে হেরে যায় জিম্বাবুয়ে, তবু ব্যক্তিগত অর্জনে অনন্য উচ্চতায় পৌঁছান এই অভিজ্ঞ অলরাউন্ডার।

এই ইনিংসের মধ্যদিয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করেন রাজা।
তিনি জিম্বাবুয়ের প্রথম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন।

৩৯ বছর বয়সী রাজা এখন পর্যন্ত ১২৭ ইনিংসে ৩০১৬ রান সংগ্রহ করেছেন। তার গড় ২৬.২২ এবং স্ট্রাইক রেট ১৩৬.২৮। রয়েছে ১টি সেঞ্চুরি ও ১৬টি হাফ-সেঞ্চুরি।

এর মাধ্যমে তিনি টি-টোয়েন্টি ইতিহাসে ৩০০০ বা তার বেশি রান করা ১৪তম ব্যাটার হিসেবে নাম লেখালেন। এই তালিকায় রয়েছেন পাকিস্তানের বাবর আজম, ভারতের বিরাট কোহলি ও রোহিত শর্মা, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্জসহ আরো অনেকে।

ব্যাট হাতে কীর্তির পাশাপাশি বল হাতেও উজ্জ্বল রাজা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তার ঝুলিতে রয়েছে ১০৪টি উইকেট।

তিনি বিশ্বের মাত্র পাঁচজন অলরাউন্ডারের একজন, যারা টি-টোয়েন্টিতে এক হাজারের বেশি রান ও একশ’র বেশি উইকেটের ‘ডাবল’ অর্জন করেছেন। এই তালিকায় রয়েছেন পাকিস্তানের শাদাব খান, আফগানিস্তানের মোহাম্মদ নবী, ভারতের হার্দিক পান্ডিয়া এবং মালয়েশিয়ার ভিরানদীপ সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights