সত্যি কি আফগানিস্তানের সর্বোচ্চ নেতা আখুন্দজাদা নিহত?

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের বিরুদ্ধে পাকিস্তান সরাসরি যুদ্ধ ঘোষণা করার পর সীমান্ত অঞ্চলে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। শুক্রবার পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের অভ্যন্তরে ব্যাপক বিমান হামলা চালায়। এই হামলার মূল লক্ষ্য ছিল তালেবানের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত কান্দাহার শহর। এই হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। এতে দাবি করা হচ্ছে, পাকিস্তানের এই অভিযানের মূল লক্ষ্য ছিলেন তালেবানের রহস্যময় সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। কান্দাহারে তার সম্ভাব্য অবস্থান লক্ষ্য করেই এই আক্রমণ চালানো হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে।

গণমাধ্যমের একটি অংশ দাবি করছে, পাকিস্তানের এই বিমান হামলায় তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন। তবে এই খবরের সত্যতা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। এখন পর্যন্ত তালেবান প্রশাসন কিংবা পাকিস্তান সামরিক বাহিনীর পক্ষ থেকে তার মৃত্যু বা বেঁচে থাকার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করা হয়নি।

হাইবাতুল্লাহ আখুন্দজাদা মূলত অত্যন্ত নিভৃতচারী নেতা হিসেবে পরিচিত। ২০১৬ সালে তালেবানের দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে জনসমক্ষে খুব একটা দেখা যায় না। তার এই অন্তরালে থাকার স্বভাবের কারণে অতীতেও একাধিকবার তার অসুস্থতা বা মৃত্যুর গুজব ছড়িয়েছিল।

পাকিস্তানের পক্ষ থেকে এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গজব লিল হক’। ইসলামাবাদের দাবি, আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর বারবার হামলা চালানো হচ্ছে। বিশেষ করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং আইএস-কেপি-র মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্তানা ধ্বংস করতেই এই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে। ডুরান্ড লাইন বা পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত নিয়ে দীর্ঘদিনের বিরোধ এবং সাম্প্রতিক প্রাণঘাতী সংঘর্ষই এই পরিস্থিতির সূত্রপাত ঘটিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights