রংপুরে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার, আটক ১
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে নগরীর রেলস্টেশন খেড়বাড়ি এলএসডি গুদাম এলাকায় রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালানো হয়।
এ সময় ৬১৩ কেজি মসুরের ডাল, ১৫০ কেজি চিনি, ১৫০ কেজি ছোলা, ৭০ কেজি খেজুর ও ১৬২ লিটার সয়াবিন তেল উদ্ধারসহ রুবেল মিয়া নামে এক যুবককে আটক করা হয়।
রুবেল মিয়া টিসিবির পণ্য ট্রাক সেল না করে সেগুলো তার গুদামে মজুত করে পরবর্তীতে তা কালোবাজারে বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ।
এডিসি সনাতন চক্রবর্তী জানান, এনএসআই ও টিসিবির দেওয়া তথ্যের ভিত্তিতে খেড়বাড়ি এলাকায় অভিযান চালিয়ে রুবেল নামে এক যুবককে আটক করাসহ অবৈধভাবে মজুত করা টিসিবির পণ্য উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে রুবেল জানিয়েছেন, তিনি টিসিবির ডিলার। টিসিবির পণ্য উত্তোলন করে ট্রাক সেল না করে তিনি অবৈধভাবে গুদামে মজুত রাখতেন এবং পরবর্তীতে তা
বিক্রি করতেন।
তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হচ্ছে।
