মার্কিন এমকিউ-নাইন রিপার ড্রোন ভূপাতিত করেছে ইরান
ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করায় মার্কিন সামরিক বাহিনীর অত্যাধুনিক এমকিউ-নাইন রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইসলামি বিপ্লবী গার্ড কোর আইআরজিসি।
আজ রবিবার তেহরান ভিত্তিক বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ইরানের দক্ষিণাঞ্চলে দেশটির সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে ড্রোনটি ধ্বংস করা হয়েছে। বিপ্লবী গার্ড জানিয়েছে, শত্রু পক্ষের যেকোনো বিমানের জন্য ইরানের আকাশসীমা এখন পুরোপুরি অনিরাপদ।
গতকাল শনিবার তেহরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার শহীদ হওয়ার পর মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই বর্বরোচিত হামলার জবাবে ইতোমধ্যে অধিকৃত ফিলিস্তিন ও অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী।
