আইআরজিসির নতুন প্রধান আহমদ ভাহিদি

অনলাইন ডেস্ক
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ভাহিদি।

রবিবার (১ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।

আহমদ ভাহিদি এর আগে ইরানের প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে দেশব্যাপী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী শক্তি ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে।

শনিবার এক হামলায় আইআরজিসির কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পর তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। নিহতদের মধ্যে আইআরজিসির সদ্য সাবেক প্রধান মোহাম্মদ পাকপুরও রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানানো হয়েছে।

এদিকে ইসরায়েলি বিমান বাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে গত একদিনে ইরানের বিভিন্ন স্থাপনায় ১ হাজার ২০০টির বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলের দাবি অনুযায়ী, বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়েও হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সেখানে অন্তত ১৪৮ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।

অন্যদিকে, মার্কিন ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিও নিহত হয়েছেন। তার মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একাধিক সূত্র জানিয়েছে, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) কয়েক মাস ধরে খামেনির অবস্থান ও চলাফেরা নজরদারিতে রেখেছিল। সম্প্রতি তারা জানতে পারে, শনিবার সকালে তেহরানের একটি গুরুত্বপূর্ণ কমপ্লেক্সে শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হবে এবং সেখানে খামেনিও উপস্থিত থাকবেন।

এ তথ্যের ভিত্তিতে হামলার সময় পরিবর্তন করা হয় বলে জানা গেছে। পূর্বনির্ধারিত রাতের অভিযানের পরিবর্তে শনিবার সকালেই হামলা চালানো হয়। স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

তবে এ বিষয়ে হোয়াইট হাউস বা সিআইএ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থাও হামলায় কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার নিহত হওয়ার কথা জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights