সারিয়াকান্দিতে জমি বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার সারিয়াকান্দিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শ্রী চয়ন রাজভর (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে তারাবির নামাজের পর সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত চয়ন রাজভর ফুলবাড়ী এলাকার তুলা রাম রাজভরের ছেলে। তিনি স্থানীয় ফুলবাড়ি দ্যা নিউ কনটেস্ট কোচিং সেন্টার-এর পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, চয়ন রাজভরের পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে প্রতিবেশীদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। শুক্রবার সেই বিরোধের সূত্র ধরে রাতে তারাবির নামাজের পর উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন উত্তেজিত হয়ে চয়ন রাজভরকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথিমধ্যে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে জামিরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের নেপথ্যে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের প্রমাণ পাওয়া গেছে। ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights