নিশ্চিহ্ন না হতে চাইলে নিজের দিকে খেয়াল রাখুন, ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুমকির জবাবে পাল্টা হুঙ্কার দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি। হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের বাগাড়ম্বরপূর্ণ বক্তব্যে ইরান মোটেও ভীত নয় উল্লেখ করে তিনি সতর্ক করেছেন, ইরানকে দমানোর চেষ্টা হিতে বিপরীত হতে পারে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে লারিজানি সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আশুরার চেতনায় উদ্বুদ্ধ ইরানি জাতি এ ধরনের ফাঁপা হুমকিতে ভয় পায় না। অতীতে ট্রাম্পের চেয়েও প্রভাবশালী ব্যক্তিরা ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। অন্যকে হুমকি দেওয়ার আগে নিজেদের সামলান, পাছে আপনারাই না এই সংঘাতের জেরে নিশ্চিহ্ন হয়ে যান।

হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব তুলে ধরে লারিজানি আরও জানান, এই নৌপথটি হয় সবার জন্য স্বস্তির পথ হবে, না হয় যারা যুদ্ধের স্বপ্ন দেখছে তাদের জন্য এটি একটি মরণফাঁদে পরিণত হবে।

একই দিনে ইরানের আরেক প্রভাবশালী নেতা মোহসেন রেজাই বলেছেন, ট্রাম্পের পরিণতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মতো হতে পারে। তিনি মনে করেন, মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির ফলাফল আসন্ন মার্কিন নির্বাচনেও বড় প্রভাব ফেলবে।

এর আগে গত ৯ মার্চ ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছিলেন, ইরান যদি হরমুজ প্রণালীতে তেল সরবরাহ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র অতীতের চেয়ে ২০ গুণ বেশি শক্তিশালী হামলা চালাবে। ট্রাম্পের সেই ‘মৃত্যু ও ধ্বংসযজ্ঞের’ হুমকির বিপরীতে ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) ইতোমধ্যে ঘোষণা করেছে, হরমুজ প্রণালী এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: আল মায়াদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights