পিএসএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
অনলাইন ডেস্ক
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬ আসরের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ২৬ মার্চ লাহোরে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে টুর্নামেন্ট, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ মে লাহোরে। প্রায় দেড় মাসব্যাপী এই আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, মুলতান, পেশোয়ার ও ফয়সালাবাদে।
উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্স মুখোমুখি হবে হায়দরাবাদ কিংসমেনের। পরদিন কোয়েটা গ্ল্যাডিয়েটরস খেলবে করাচি কিংসের বিপক্ষে। টুর্নামেন্টের প্রথম পর্বে প্রতিটি দল রাউন্ড-রবিন পদ্ধতিতে একে অপরের বিপক্ষে ম্যাচ খেলবে।
৩১ মার্চ থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে দ্বিতীয় ধাপের ম্যাচ, যেখানে ইসলামাবাদ ইউনাইটেড, পেশোয়ার জালমি ও রাওয়ালপিন্ডি পিন্ডিজ নিজেদের ম্যাচ খেলবে। এপ্রিলের শুরুতে মুলতানেও অনুষ্ঠিত হবে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে মুলতান সুলতানস একাধিক হোম ম্যাচ খেলবে।
৮ এপ্রিল থেকে করাচি ও ফয়সালাবাদে শুরু হবে পরবর্তী পর্ব। এই সময়ে করাচি কিংস, পেশোয়ার জালমি, লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসমেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ১৫ এপ্রিল থেকে আবার ফয়সালাবাদে ম্যাচ অনুষ্ঠিত হবে, এরপর ১৯ এপ্রিল থেকে লাহোর ও রাওয়ালপিন্ডিতে ফিরবে লিগ পর্বের খেলা।
লিগ পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল, যেখানে ইসলামাবাদ ইউনাইটেড মুখোমুখি হবে মুলতান সুলতানসের।
প্লে-অফ পর্ব শুরু হবে ২৮ এপ্রিল রাওয়ালপিন্ডিতে কোয়ালিফায়ার ম্যাচ দিয়ে। ২৯ এপ্রিল লাহোরে হবে এলিমিনেটর–১, আর ১ মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে এলিমিনেটর–২। সবশেষে ৩ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।
এবারের আসরে অংশ নিচ্ছে লাহোর কালান্দার্স, করাচি কিংস, কোয়েটা গ্ল্যাডিয়েটরস, পেশোয়ার জালমি, মুলতান সুলতানস, ইসলামাবাদ ইউনাইটেড, রাওয়ালপিন্ডি পিন্ডিজ ও হায়দরাবাদ কিংসমেন।
উল্লেখ্য, এবারের পিএসএলে মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন খেলবেন লাহোর কালান্দার্সে। রিশাদ হোসেন পিন্ডিজে এবং নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমিতে।
