কোনো দল-মত কার্ড পাওয়ার পথে বাধা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নাটোর প্রতিনিধি

দল-মত নির্বিশেষে সবাই ফ্যামিলি কার্ড পাবেন। কে কোন দল করেছে, বা কার অনুসারী এসব কিছুই ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে বাধা হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

তিনি বলেন, ‘কে কোন দল করছে, কে কার অনুসারী রয়েছেন, কোনো কিছুই এই কার্ড প্রাপ্তির পথে বাধা হবে না। দল-মত নির্বিশেষে, সব ধর্ম-বর্ণের মানুষ এ কার্ড পাবেন। পাঁচ সদস্যের পরিবার হিসেবে এ কার্ড পাওয়ার সুযোগ সবার রয়েছে।’

মঙ্গলবার বিকেলে নাটোরের লালপুরে গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী মাসে এই ৩৭ হাজার কার্ডের পাশাপাশি আরও ৫০ হাজার কার্ডের অর্থ পৌঁছে দেওয়া হবে। পাঁচ সদস্যের পরিবারের একজন নারী সদস্যের নামে এই কার্ড দেওয়া হবে। নাটোর, রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় ধাপে ধাপে এ কার্ড বিতরণ করা হবে। সারা দেশে একযোগে কার্ডের কাজ শুরু হলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফারজানা শারমিন আরও বলেন, সরকার গঠনের ১৫ দিনের মধ্যেই ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এটি একটি বড় প্রকল্প। বিপুলসংখ্যক মানুষের জন্য এই কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। শুরুতে কয়েকটি এলাকায় পরীক্ষামূলকভাবে কার্যক্রম চালু করা হয়েছে, যাতে সুশৃঙ্খলভাবে কর্মসূচি বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ করা যায়।

উল্লেখ্য, প্রথম পর্যায়ে নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৩৭৮টি পরিবারের মধ্যে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

নাটোর জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুল ওয়াহাব, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights