ভিডিও ফাঁসের হুমকি দিয়ে নারীকে ব্ল্যাকমেইল, গ্রেফতার ৬

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানায় এক নারীর ব্যক্তিগত নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে দায়ের করা মামলায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে।

জানা যায়, সোমবার দিবাগত রাত ৩টার দিকে ভুক্তভোগী নারী বাদী হয়ে ভূজপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলার পরপরই পুলিশ ভূজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি দেবাশীষ চক্রবর্তী আশিস, জিকু দে, রনি দে, জয় দে, রিমন শীল ও দিপু চন্দ্রকে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী চার সন্তানের জননী। প্রায় দুই থেকে আড়াই বছর আগে প্রধান আসামি দেবাশীষ চক্রবর্তী ওরফে আশিস (২৬) প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন। সেই সুযোগে প্রায় দুই বছর আগে কৌশলে ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার ব্যক্তিগত কিছু নগ্ন ছবি ও ভিডিও গোপনে নিজের মোবাইলে সংরক্ষণ করে।

পরে এসব ছবি ও ভিডিও অন্য আসামিদের মধ্যেও শেয়ার করা হয়। এরপর অভিযুক্তরা ভিডিওটি দেখিয়ে ওই নারীকে ব্ল্যাকমেইল করতে থাকে। মান-সম্মানের ভয়ে অভিযুক্তদের ৭০ হাজার টাকা দেন ওই নারী। কিন্তু তাতেও তারা ক্ষান্ত না হয়ে পুনরায় আরও ৫০ হাজার টাকা দাবি করলে তিনি নিরুপায় হয়ে ভূজপুর থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে ওসি বিপুল চন্দ্র দে বলেন, মামলার পরপরই অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights