বার্মিংহাম ফিনিক্সে মুস্তাফিজের সতীর্থ হিসেবে আছেন যারা
স্পোর্টস ডেস্ক
দা হান্ড্রেড ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এবার প্রথমবার খেলবেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ৩০ বছর বয়সী এই পেসারকে বার্মিংহাম ফিনিক্স দলে নিলামে ১ লাখ পাউন্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দা হান্ড্রেডে আগেরবার ড্রাফট পদ্ধতি থাকলেও এবার প্রথমবার নিলাম পদ্ধতি চালু হয়েছে। মুস্তাফিজ ছাড়াও দলের স্কোয়াডে রয়েছেন বিশ্ব ক্রিকেটে আলোচিত আরও কয়েকজন ক্রিকেটার।
২৪ বছর বয়সী পেস-বোলিং অলরাউন্ডার ইথান ব্রুকসকে ৭০ হাজার পাউন্ডে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। তবে দলটি সবচেয়ে বেশি আলোচনা সৃষ্টি করেছে পাকিস্তানি স্পিনার উসমান তারিককে নিয়ে। বিভিন্ন কারণে তার এই টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে আগে সংশয় ছিল। রহস্যময় ভিন্ন ধরনের বোলিং অ্যাকশনের জন্য পরিচিত উসমানকে ফিনিক্স দলে অন্তর্ভুক্ত করেছে ১ লাখ ৪০ হাজার পাউন্ডে।
দলের সবচেয়ে বড় তারকা ও সর্বোচ্চ দামের ক্রিকেটার হলেন জেকব বেথেল। ইংল্যান্ডের উঠতি অলরাউন্ডারদের মধ্যে সবচেয়ে আলোচিত এই খেলোয়াড়কে সরাসরি চুক্তিতে ৩ লাখ ৪০ হাজার পাউন্ডে দলে নেয়া হয়েছে।
এছাড়া দলটিতে আরও দুই জন আলোচিত স্পিনিং অলরাউন্ডার রয়েছেন – প্রতিভাবান লেগ স্পিনার রেহান আহমেদকে ২ লাখ ৫০ হাজার পাউন্ডে এবং দক্ষিণ আফ্রিকার আগ্রাসী অফ স্পিনার ডনোভান ফেরেইরাকে ২ লাখ ১০ হাজার পাউন্ডে নেওয়া হয়েছে।
হার্ড-হিটিং অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল ওয়েলও দলে থাকবেন, ১ লাখ ৩০ হাজার পাউন্ডে। এছাড়া বিপিএলে বিভিন্ন সময় খেলা লরি ইভান্স ও ক্রিস উডও স্কোয়াডের অংশ।
দা হান্ড্রেডের এবারের আসর অনুষ্ঠিত হবে ২১ জুলাই থেকে ১৬ অগাস্ট পর্যন্ত। বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান পুরো মৌসুম খেলতে পারবেন, যদি বিসিবি থেকে অনাপত্তিপত্র পান, কারণ এ সময় বাংলাদেশের সীমিত ওভারের ক্রিকেটে কোনো প্রতিযোগিতা নেই।
বার্মিংহাম ফিনিক্সের পূর্ণ স্কোয়াড:
জেকব বেথেল, রেহান আহমেদ, ডনোভান ফেরেইরা, মিচেল ওয়েল, সাকিব মাহমুদ, উসমান তারিক, জো ক্লার্ক, উইল স্মিড, জর্ডান টমসন, স্কট কুরি, লরি ইভান্স, ক্রিস উড, ইথান ব্রুকস, মুস্তাফিজুর রহমান।
