হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা: ইরানের হুমকিতে জাহাজ ও নাবিক ঝুঁকিতে
অনলাইন ডেস্ক
বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন চেকপয়েন্ট হরমুজ প্রণালী। শুধু তেল না, বৈশ্বিক নৌবাণিজ্যের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ একটি পথ। তবে ফেব্রুয়ারির শেষদিকে ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর ইরান হরমুজ প্রণালী প্রায় বন্ধ করে দিয়েছে।
তাই অনেক জাহাজ ও জাহাজে থাকা নাবিকরা সমুদ্রে আটকে পড়েছেন। জাহাজে বসে তারা দেখছেন, স্থলভাগে ও আকাশে একের পর এক হামলার ঘটনা ঘটছে।
সংযুক্ত আরব আমিরাতে থাকা একটি তেলবাহী জাহাজের এক পাকিস্তানি নাবিক আমির বলেন, “আমি নীচ দিয়ে উড়ে যাওয়া ইরানের ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দেখেছি। যুদ্ধবিমানগুলোর শব্দও শুনি, কিন্তু সেগুলো কোন দেশের তা বুঝতে পারি না আমরা।”
সম্প্রতি উপসাগরীয় অঞ্চলে একের পর এক জাহাজে হামলার খবর পাওয়া যাচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান হুমকি দিয়েছে, যেসব জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করবে, সেগুলোকে লক্ষ্য করে গুলি চালাবে তারা।
এদিকে, গতকাল বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির যে বার্তা প্রচারিত হয়েছে তাতে বলা হয়, “‘হরমুজ প্রণালী অবরোধ অব্যাহত” রাখবে ইরান।
তিনি আরো বলেন যে ইরানের প্রতিবেশী দেশগুলোর সাথে “বন্ধুত্বের” নীতি রয়েছে, তবে এই দেশগুলোকে আমেরিকান ঘাঁটি বন্ধ করার পরামর্শ দেন। তিনি বলেছেন যে এসব ঘাঁটি ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হতে থাকবে।
এর আগে মার্কিন ট্রেজারি বিভাগের সেক্রেটারি স্কট বেসেন্ট আনিয়েছিলেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা জাহাজগুলোকে নিরাপত্তা সহায়তা দেওয়া শুরু করবে যুক্তরাষ্ট্র।
সূত্র: বিবিসি
