ঈদ উৎসবে রাজশাহী সিল্ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পদ্মাপারের শহর রাজশাহী শুধু আমের জন্যই নয়, সিল্কের জন্যও পরিচিত দেশবিদেশে। উৎসব পার্বণে নিজেকে বর্ণিল রূপে সাজাতে নারীদের পছন্দের তালিকায় সবার ওপরের দিকেই থাকে রাজশাহী সিল্ক। ঈদকে সামনে রেখে ঐতিহ্য আর আভিজাত্যে মোড়া সিল্কের চাহিদা বেড়েছে। রেশম কারখানাগুলোতেও বেড়েছে ব্যস্ততা।

জানা যায়, প্রায় দুই শতাব্দী আগে এই অঞ্চলে গড়ে ওঠে রেশম শিল্প। ১৯৫০-এর দশকে প্রতিষ্ঠিত হয় রাজশাহী সিল্ক কারখানা। এরপর ধীরে ধীরে সারা দেশে জনপ্রিয় হয়ে ওঠে এখানকার রেশমি শাড়ি ও কাপড়।

ঈদ সামনে রেখে রাজশাহীর রেশম পল্লীতে বেড়েছে ক্রেতা সমাগম। চাহিদা মাথায় রেখে ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে ব্যবসায়ীরা পোশাকে এনেছে পরিবর্তন। আবহাওয়া ও সব বয়সি ক্রেতার জন্য সিল্ক কারখানাগুলোতে তৈরি হচ্ছে নতুন রং ও ডিজাইনের পোশাক। বেচাকেনা নিয়ে বেশ আশাবাদীও তারা। প্রতিবারের মতো এবারও র-সিল্ক, বলাকা, তসর, মটকা, ক্রাফট ও স্টোনের ওপর শাড়ি থাকছে রেশম পল্লীতে।

সপুরা সিল্ক ফ্যাক্টরির ব্যবস্থাপক সাইদুর রহমান জানান, প্রতি বছরের মতো এবারও নকশা ও কাজে বৈচিত্র্য নিয়ে এসেছেন তারা। প্রতিদিনই ভিড় বাড়ছে ক্রেতাদের।

বাংলাদেশ রেশম মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী জানান, সিল্ক পল্লীতে ক্রেতার আনাগোনা বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights