গোবিন্দগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হোটেল কর্মচারী গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে (১৩) ধর্ষণের অভিযোগে আব্দুল মোমিন (৪২) নামে এক হোটেল কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল মোমিন ওই এলাকার গেন্দা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাড়ির বাইরে যান। তখন তার বাবা বাড়ির পার্শ্ববর্তী বাজারে দর্জির দোকানে কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে আব্দুল মোমিন মেয়েটিকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ঘটনাটি কাউকে যেন না জানানো হয় সেই হুমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে বাড়িতে ফিরে মেয়েটি তার মাকে সবকিছু খুলে বলে। বিষয়টি জানাজানি হলে সন্ধ্যায় এলাকাবাসী আব্দুল মোমিনকে উত্তম-মধ্যম দিয়ে আটক করে পুলিশে খবর দেয়। এরপর রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফরহাদ আলী বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীকে রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা করে দেখা যায় তার অ্যাক্টিভ পারভাজাইন্যাল ব্লিডিং আছে। কেসটি গুরুতর হওয়ায় পরে তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টেপ ক্রাইসিস ইউনিটে রেফার্ড করা হয়।

তিনি বলেন, প্রাথমিক লক্ষণ দেখে ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণ করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থল থেকে আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights