হাসপাতালে মব সৃষ্টি করা যাবে না : এমপি শাহজাহান

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি-এর ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, মানুষের হায়াত-মউত আল্লাহর হাতে। রোগীর চিকিৎসা দেবে ডাক্তার। তবে কোনো হাসপাতালে রোগী মারা গেলে মব সৃষ্টি করা যাবে না। শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীতে প্রাইভেট হাসপাতাল এবং ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটির পরিচিতি সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. শাহজাহান বলেন, ‘বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের মানোন্নয়ন এবং রোগীদের সঠিক সেবা নিশ্চিত করতে নবগঠিত এ কমিটিকে দায়িত্ব নিতে হবে। প্রতিটি হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।’

এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপি সদস্য ব্যবসায়ী শহিদুল ইসলাম কিরণ, ড্যাবের সভাপতি ডা. সাইফুল ইসলাম, প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নতুন সদস্য সচিব মিজানুর রহমান ও সদস্য অ্যাডভোকেট ইমাম হোসেন স্বপন, আবদুল মতিন ও মোস্তাক আহম্মেদ স্বপন প্রমুখ।

অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. সহিদুল ইসলাম সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব হারুন রশিদ আজাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান। ড্যাব নোয়াখালী জেলার সভাপতি ডা. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন তালুকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights