যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে না

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত বা বিকৃত হওয়ার যে দাবি যুক্তরাষ্ট্র করেছে, তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার এক সাক্ষাৎকারে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মন্তব্যকে উড়িয়ে দিয়ে তিনি জানান, নতুন সর্বোচ্চ নেতা সম্পূর্ণ সুস্থ আছেন এবং সাংবিধানিক দায়িত্ব পালন করে যাচ্ছেন।

আরাঘচি জোর দিয়ে বলেন, সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে ছড়ানো তথ্যগুলো ভিত্তিহীন এবং তিনি যথাযথভাবেই তার কার্যক্রম পরিচালনা করছেন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি বন্ধের বিষয়ে কথা বলতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, ইরান এই পথটি পুরোপুরি বন্ধ করেনি। বরং শুধুমাত্র আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ এবং ট্যাঙ্কারের জন্য এই পথটি অবরুদ্ধ রাখা হয়েছে। অন্যান্য দেশের নৌযান চলাচলের জন্য এই রুটটি আগের মতোই উন্মুক্ত রয়েছে বলে তিনি দাবি করেন। মূলত সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে নির্দিষ্ট দেশের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তার বক্তব্যে উঠে আসে।

ইরানের তেল রফতানির প্রধান কেন্দ্র খার্গ দ্বীপে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে আরাঘচি কড়া প্রতিশোধের ঘোষণা দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের জ্বালানি অবকাঠামোতে আঘাত হানার পাল্টা জবাব হিসেবে এই অঞ্চলে আমেরিকান কোম্পানিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো জ্বালানি স্থাপনায় হামলা চালাবে তেহরান। আরাঘচি অভিযোগ করেন যে, সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমাহ এবং দুবাইয়ের নিকটবর্তী এলাকা থেকে এই হামলাগুলো চালানো হয়েছে। বেসামরিক জনবসতির এত কাছে থেকে সামরিক কার্যক্রম চালানোকে তিনি অত্যন্ত বিপজ্জনক ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন।

রাশিয়া ও চীনের সঙ্গে সামরিক সহযোগিতার বিষয়ে প্রশ্ন করা হলে আরাঘচি দেশ দুটিকে ইরানের ‌‘কৌশলগত অংশীদার’ হিসেবে বর্ণনা করেন। চলমান সামরিক সহযোগিতার কথা স্বীকার করলেও এর বিস্তারিত প্রকাশ করতে তিনি অপরাগতা প্রকাশ করেন। পাশাপাশি পারমাণবিক ইস্যুতে তিনি দাবি করেন যে, ইরান কখনোই তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামকে অস্ত্র হিসেবে ব্যবহারের হুমকি দেয়নি। বরং একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরান যথেষ্ট নমনীয়তা দেখিয়েছিল।

বর্তমান পরিস্থিতিকে ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ইরান যুদ্ধ শুরু করেনি, বরং তারা কেবল নিজেদের রক্ষা করছে।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights