ইরানে ৫০০ গুপ্তচর গ্রেফতার

ইরান থেকে অন্যদেশে তথ্য সরবরাহের অভিযোগে অন্তত ৫০০ জনকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির পুলিশ প্রধান আহমদরেজা রাদান সোমবার এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। আহমদরেজা রাদান বলেন, এসব মামলার মধ্যে এমন লোকও রয়েছে যারা হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে তথ্য দিয়েছে এবং কেউ কেউ হামলার স্থানগুলোর ভিডিও ধারণ করে তা শত্রুপক্ষের কাছে পাঠিয়েছে।

এর আগে রবিবার ইরানের বিভিন্ন অঞ্চলে আরও কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তারের খবর প্রকাশ করে দেশটির গণমাধ্যম।

উত্তর-পশ্চিমাঞ্চলে প্রাদেশিক প্রসিকিউটরের অভিযোগের ভিত্তিতে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে তাসনিম বার্তা সংস্থা। তাদের বিরুদ্ধে ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনার অবস্থানসংক্রান্ত তথ্য ইসরায়েলে পাঠানোর অভিযোগ রয়েছে।

এছাড়া উত্তর-পূর্বাঞ্চলে আরও ১০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন সংবেদনশীল স্থাপনা ও অর্থনৈতিক অবকাঠামো সম্পর্কিত তথ্য সংগ্রহের সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights