হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না জাপান

অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না জাপান।

জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি দেশটির পার্লামেন্টে এই ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারকে পাহারা দিতে নৌবাহিনীর জাহাজ পাঠানোর কোনও পরিকল্পনা টোকিওর নেই।

সানা তাকাইচি বলেন, “পাহারা দেওয়ার জন্য জাহাজ পাঠানোর বিষয়ে আমরা কোনও সিদ্ধান্ত নিইনি। জাপান স্বাধীনভাবে কী করতে পারে এবং আইনি কাঠামোর মধ্যে থেকে কী করা সম্ভব, তা আমরা পর্যালোচনা করে যাচ্ছি।”

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে যায়। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মিত্র দেশগুলোর কাছে হরমুজ প্রণালি সুরক্ষায় সহায়তা চেয়ে আসছেন। এরই মধ্যে ইরান কার্যত এই সরু প্রণালিতে অবরোধ সৃষ্টি করেছে। এই সপ্তাহের শেষ দিকে ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটন ডিসিতে যাওয়ার কথা রয়েছে সানা তাকাইচির।

এদিকে হরমুজ প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানিয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি। তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছে সম্প্রচারমাধ্যম এনএইচকে।

আলোচনায় কোইজুমি হরমুজ প্রণালি এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

ফোনালাপে পিট হেগসেথ কোইজুমিকে এই অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং জানান, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে জাপানে অবস্থানরত মার্কিন বাহিনীর উপস্থিতিতে কোনও পরিবর্তন আসবে না।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র-জাপান জোটের প্রতিরোধ ও প্রতিক্রিয়া সক্ষমতা জোরদারে ওয়াশিংটনের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে। অন্যদিকে কোইজুমি যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে টোকিওর আগ্রহের কথা জানান বলে জানিয়েছে এনএইচকে। সূত্র: ব্লুমবার্গ, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights