নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: কৃষিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, নদী ও খাল যারা দখল করেছেন, তারা সাবধান হয়ে যান। আপনি যেই হোন, সরকারের চেয়ে, ১৮ কোটি জনগণের চেয়ে কেউ প্রভাবশালী নন।

আজ সোমবার দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার শাসনপাড়া-দোশারীচোঁ হতে ডাকাতিয়া নদীর শাখা খাল উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা দখল করেছেন, এরা জোচ্চোর, দুষ্কৃতকারী। আপনারা দখল করেছেন, ছেড়ে দেন। আপনাদের ছেড়ে দিতেই হবে।

এর আগে দোশারীচোঁ মাঠে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচনের আগে অনেকে অনেক কথা বলে, পরে বাস্তবায়ন করে না। কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপি প্রমাণ করেছে, আমরা কথা কাজে এক। নির্বাচনের কালির দাগ মোছার আগেই ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু করেছে। পহেলা বৈশাখ বা তারও আগে কৃষি কার্ড চালু করা হবে। দলের চেয়ারপারসন বলেছিলেন, আপনারা বিএনপিকে নির্বাচিত করলে আমরা খাল খনন কর্মসূচি শুরু করব। আমরা আজ শুরু করেছি। কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এরইমধ্যে ইমাম, মুয়াজ্জিনদের সম্মানী দেওয়া শুরু হয়েছে। একমাসের মধ্যেই সরকার সব কাজ বাস্তবায়ন শুরু করেছে। এতেই প্রমাণিত হয়, বিএনপি কথায় ও কাজে এক।

তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। দেশের ৭০ ভাগ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। ৭০ ভাগ মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো হলে অন্য ৩০ জনের অবস্থা অটোমেটিক ভালো হয়ে যাবে। ডাকাতিয়া নদীর ওপর ডাকাতি হয়ে গেছে। নদী ভরাট করে বাড়িঘর করা হয়েছে। এই ডাকাতিয়া নদী উদ্ধার করা হবে।

কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ ( নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, অতিরিক্ত সচিব বিএডিসি চেয়ারম্যান আজিজুল ইসলাম, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাশেদুল হক। স্বাগত বক্তব্য রাখেন বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম জাহাঙ্গীর আলম সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights