ইসরায়েলি হামলায় ইরানের বাসিজ প্রধান সোলাইমানি নিহতের দাবি আইডিএফের

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের আধা সামরিক বাহিনী ‘বাসিজ’-এর প্রধান গোলামরেজা সোলাইমানিকে এক টার্গেটেড হামলায় হত্যার দাবি করেছে ইসরায়েল। সোমবারের এই অভিযানকে ইরানের শাসনব্যবস্থার নিরাপত্তা ও নিয়ন্ত্রণ কাঠামোর ওপর একটি ‘মারাত্মক আঘাত’ হিসেবে অভিহিত করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

তবে ঠিক কোন স্থানে এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ।

ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এই হামলায় বাসিজ বাহিনীর আরও কয়েকজন শীর্ষস্থানীয় নেতা প্রাণ হারিয়েছেন। ২০১৯ সালের জুলাই মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গোলামরেজা সোলাইমানিকে বাসিজ প্রধান হিসেবে নিযুক্ত করেছিলেন। তার নেতৃত্বে বাসিজ বাহিনী ২০১৯ সালের সরকারবিরোধী বিক্ষোভসহ বিভিন্ন সময়ে গণ-আন্দোলন দমনে কঠোর ভূমিকা পালন করেছে। বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চালানোর অভিযোগে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

বাসিজ মূলত ইরানের শক্তিশালী রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) অধীনে একটি স্বেচ্ছাসেবী মিলিশিয়া বাহিনী, যারা অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, ভিন্নমত দমন এবং শাসনের সমর্থনে সাধারণ মানুষকে সংগঠিত করার কাজ করে।

ইসরায়েলের পক্ষ থেকে এই বড় সাফল্যের দাবি করা হলেও, ইরান এখন পর্যন্ত তাদের শীর্ষ এই কর্মকর্তার নিহতের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা নিশ্চিতকরণ বার্তা দেয়নি। মধ্যপ্রাচ্যের চরম উত্তজনাপূর্ণ পরিস্থিতিতে এই হত্যাকাণ্ড আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights