ঈদে পর্যটক বরণে প্রস্তুত খাগড়াছড়ি, আগাম বুকিংয়ে ভরছে হোটেল
খাগড়াছড়ি প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটি সামনে রেখে পার্বত্য জেলা খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রগুলোতে এখন প্রস্তুতির শেষ সময় চলছে। হোটেল-মোটেল, পার্ক ও বিনোদনকেন্দ্রগুলোতে পর্যটক বরণে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা।
জেলার জনপ্রিয় পর্যটন স্পট—আলুটিলা পর্যটন কেন্দ্র, রিছাং ঝরনা, মায়াবিনী লেক, হাতিমুড়া ও ঝুলন্ত সেতুসহ বিভিন্ন স্থান নতুনভাবে সাজানো হয়েছে। প্রতিদিনই কিছু পর্যটকের আগমন ঘটলেও ঈদে এই সংখ্যা দ্বিগুণ হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।
রোজার পুরো মাসজুড়ে পর্যটক কম থাকায় খাতে কিছুটা ভাটা পড়েছিল। তবে ঈদকে কেন্দ্র করে আবারও পর্যটন খাতে প্রাণ ফিরবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। ইতোমধ্যে অনেক হোটেলের কক্ষ আগাম বুকিং হয়ে গেছে।
হোটেল নূর-এর মালিক সালেহ আহমদ জানান, ঈদের এক সপ্তাহের ছুটিকে ঘিরে হোটেলের বেশিরভাগ কক্ষ আগেই বুকিং হয়ে গেছে। পর্যটকদের বরণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ তিনটি দলে বিভক্ত হয়ে কাজ করবে। বিনোদনকেন্দ্রগুলোতে পুলিশের পাশাপাশি মোবাইল টিম থাকবে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. আনোয়ার শাহাদাত বলেন, ঈদ উপলক্ষে পর্যটকদের ভ্রমণ আরও উপভোগ্য করতে উন্নয়নকাজের পাশাপাশি নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।
সব মিলিয়ে ঈদকে সামনে রেখে খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রগুলোতে এখন উৎসবমুখর প্রস্তুতির আমেজ বিরাজ করছে।
