গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করা হচ্ছে : তথ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমকে শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তুলতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গৌরনদী প্রেসক্লাব আয়োজিত ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ টেলিভিশনের ওপর মানুষের আস্থা কমেছে। এই আস্থা পুনরুদ্ধারে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নের পাশাপাশি কতটা স্বায়ত্তশাসন দেওয়া যায়, তা নিয়েও সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, মানুষকে অপতথ্য থেকে সুরক্ষা দিতে প্রয়োজনীয় তথ্যপ্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নে সরকার সচেষ্ট রয়েছে।
প্রেস ক্লাব প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, একটি এলাকায় একাধিক প্রেস ক্লাব থাকা উচিত নয়। একটি শক্তিশালী প্রেস ক্লাব গড়ে তুলে সেখানে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিভক্ত অবস্থায় গণমাধ্যমের শক্তি দুর্বল হয়ে পড়ে।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সে জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
