হরমুজ প্রণালি কাল খুললেও প্রভাব থাকবে কয়েক মাস: আল-জাজিরার বিশ্লেষণ
অনলাইন ডেস্ক
ইরান যুদ্ধের জেরে বন্ধ হয়ে গেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা শুরু করলে ওই জলপথ বন্ধ করে দেয় ইরান। এতে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেয়।
যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অব এক্সপোর্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড-এর মহাপরিচালক মার্কো ফরজিওন বলেছেন, হরমুজ প্রণালীর কার্যত বন্ধ থাকার প্রভাব কয়েক মাস- এমনকি কয়েক বছর ধরেও অনুভূত হবে।
তিনি বলেন, “প্রণালীটি যদি আগামীকাল খুলে যায়, এটি তার আগের সর্বোচ্চ সক্ষমতায় কাজ করতে পারবে না। মায়ার্স্ক, এমএসসি, হ্যাপাগ-লয়েড এবং সিএমএ সিজিএম-এর মতো অনেক শিপার তাদের পণ্য পরিবহনের পথ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা এটা মেনে নিয়েছে যে, পণ্য পরিবহনে দীর্ঘ সময় লাগাটা একটি লোকসানি খরচ, যা স্বল্প মেয়াদে তাদের মেনে নিতেই হবে এবং যা অনিবার্যভাবে গ্রাহকদের ওপর চাপিয়ে দিতে হবে।”
“প্রণালীটির নিরাপত্তা নিয়ে শিপারদের আস্থা ফিরিয়ে আনতে ব্যাপক নিরাপত্তা আশ্বাসের প্রয়োজন হবে, যা পেতে কয়েক বছর লেগে যেতে পারে। গত তিন সপ্তাহের ঘটনা পর্যালোচনায় দেখা যাচ্ছে, প্রণালীটি বন্ধ করে দেওয়ার জন্য ইরানের এটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করার প্রয়োজন নেই- শুধুমাত্র মাইন, ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের হুমকিই বিশ্বব্যাপী জাহাজ চলাচলকে স্থবির করে দিতে পারে।” সূত্র: আল-জাজিরা
