ঈদের দ্বিতীয় দিনে সহস্রাধিক পর্যটকের পদচারণায় মুখরিত কুয়াকাটা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

ঈদের দ্বিতীয় দিনে হাজার হাজার পর্যটকের আগমনে মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা। রবিবার সকাল থেকেই সৈকতে প্রবেশ করেন পর্যটকরা।

সৈকতে অবস্থানরত অনেকেই সমুদ্রের ছোট ঢেউয়ের সঙ্গে খেলা বা সাঁতারে মেতে উঠেছেন। অনেকে বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন, আবার কেউ প্রিয়জনের হাত ধরে সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘুরে দেখছেন। শিশু থেকে বৃদ্ধ সকলেই বালু খেলার মাধ্যমে আনন্দের মুহূর্ত উপভোগ করেছেন।

পর্যটকরা ওয়াটার বাইক, মোটরবাইক ও ঘোড়ায় চড়ে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরেছেন। তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউবন, চর গঙ্গামতি, লাল কাঁকড়া চর ও কাউয়ার চরসহ কুয়াকাটার সব পর্যটন স্পটে বর্তমানে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, পুরো রমজান কুয়াকাটা জনমানব শূন্য থাকলেও ঈদের এই দিনে ব্যবসা প্রাণ ফিরে পেয়েছে। হোটেল-মোটেলে আগের মতো বুকিং সম্পূর্ণ হয়েছে।

পর্যটক সোলায়মান সুলতান বলেন, বন্ধুদের সঙ্গে কুয়াকাটায় এসেছি। সমুদ্রের জোয়ার এবং ছোট-বড় ঢেউয়ের সঙ্গে সাঁতার কেটে আমরা আনন্দ উপভোগ করেছি। প্রাকৃতিক সৌন্দর্যসহ বিভিন্ন দর্শনীয় স্থান আমাদের বিমোহিত করেছে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের পুলিশ পরিদর্শক জয়ন্ত মন্ডল জানান, আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। পাশাপাশি নৌ-পুলিশ, থানা পুলিশ ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীও মাঠে দায়িত্ব পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights