মাস্কের ঘোষণা: টেসলা-স্পেসএক্স যৌথভাবে বানাচ্ছে চিপ কারখানা

অনলাইন ডেস্ক
প্রযুক্তি খাতে বড় পরিকল্পনা নিয়ে এসেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। তিনি ‘টেরাফ্যাব’ নামে একটি নতুন চিপ কারখানা গড়ার ঘোষণা দিয়েছেন। মাস্কের পরিকল্পনা অনুযায়ী, এই কারখানায় তৈরি চিপ ভবিষ্যতে মহাকাশেও ডেটা সেন্টার চালাতে কাজে লাগবে।

সম্প্রতি এক ঘোষণায় ইলন মাস্ক এই পরিকল্পনার কথা জানান। ‘টেরাফ্যাব’ নামের এই প্রকল্পটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে টেসলার সদর দপ্তরের কাছেই গড়ে তোলা হবে। এটি যৌথভাবে পরিচালনা করবে স্পেসএক্স ও টেসলা।

মাস্ক জানান, এই কারখানায় মূলত দুই ধরনের চিপ তৈরি করা হবে। একটি ব্যবহার হবে বৈদ্যুতিক গাড়ি ও মানুষের মতো দেখতে রোবট বা হিউম্যানয়েড রোবটের জন্য। আরেকটি ব্যবহার হবে মহাকাশে ডেটা সেন্টার তৈরির কাজে। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত কাজে এগুলো ব্যবহৃত হবে। এসব ডেটা সেন্টার ভবিষ্যতে মহাকাশেই বসানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক বলেন, টেরাফ্যাব দুটি আলাদা কারখানার মতো কাজ করবে। প্রতিটি কারখানা নির্দিষ্ট একটি চিপ ডিজাইন তৈরি করবে।

স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা মাস্ক আরও বলেন, বর্তমানে যে হারে চিপ উৎপাদন হচ্ছে, তা বিভিন্ন প্রকল্পের চাহিদা মেটাতে পারছে না। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রাজধানী অস্টিনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘টেরাফ্যাব তৈরি না করলে আমাদের কাছে প্রয়োজনীয় চিপ থাকবে না। কিন্তু আমাদের চিপ দরকার, সেজন্য টেরাফ্যাব বানাতেই হবে।’

মাস্কের পরিকল্পনা অনুযায়ী, এমন চিপ বানানোর পরিকল্পনা করা হচ্ছে, যা পরিচালনার জন্য ১০০ থেকে ২০০ গিগাওয়াট বিদ্যুৎ সাপোর্ট করবে। আর মহাকাশে ব্যবহারের জন্য এমন চিপ বানানো হবে যা ১ টেরাওয়াট বিদ্যুৎ সাপোর্ট করবে।

তবে এই প্রকল্প বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা এখনও জানানো হয়নি। ফলে এটি কবে থেকে কার্যকর হবে, তা এখনো অনিশ্চিত।

সূত্র: ইউরো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights