ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের দায়িত্ব নিলেন প্রশাসক সিরাজুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ দায়িত্ব নিয়েছেন। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
এছাড়াও অনুষ্ঠানে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদির-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ১ -এর সংসদ সদস্য এম এ হান্নান, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, জামিয়া ইসলামিয়ার মুহতামিম মুফতি মোবারক উল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি জুনায়েদ আল হাবীব, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা প্রমুখ।
নতুন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, জেলার ৬টি আসনের সংসদ সদস্যসহ জেলা পরিষদের সঙ্গে সম্পৃক্ত যারা আছেন এবং সুধী সমাজ, আমি সবার সঙ্গে সমন্বয় সভা করে জেলা পরিষদের উন্নয়নে কাজ করতে চাই।
অনুষ্ঠানে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যমল বলেন, আজকে দীর্ঘ সংগ্রামের পর আমরা এই অবস্থায় এসেছি। অতীত ভুলে গেলে হবে না। মনে রাখতে হবে জনগণ সব ক্ষমতার উৎস। ক্ষমতায় আছি বলে যা ইচ্ছে করা যাবে না। আগামীতে যতো নির্বাচন হবে জনগণের ভোটে। সেদিকে লক্ষ্য রেখেই আমাদের কাজ করতে হবে। তা না হলে ২০৩১ -এর নির্বাচনে খেসারত দিতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সাদাসিধে জীবনযাপন করছেন। সংসদ সদস্যরা টেক্স মওকুফের গাড়ি পরিহার করেছেন। বাড়ি নিচ্ছেন না। আঙ্গুল থেকে ভোটের কালির দাগ মুছে যাওয়ার আগেই সরকার ধাপে ধাপে ইশতেহার বাস্তবায়নের কাজ শুরু করেছে। ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। পহেলা বৈশাখে কৃষক কার্ড দেওয়া হবে। খালকাটা কর্মসূচি শুরু হয়েছে।
