ফটিকছড়ির লেলাং বধ্যভূমিতে গণহত্যা দিবস পালন
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং বধ্যভূমি প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন, শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
সাংবাদিক মোস্তফা কামরুলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, সমাজসেবা কর্মকর্তা রাজিব আচার্য, সমবায় কর্মকর্তা এম এ শহিদ ভূঁঞা, বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম, মোহাম্মদ কামাল, খায়রুল বশর ও এলএমজি ইলিয়াছ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রকর চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল মোমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ছফি উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, লেলাং প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের আহমদ আলী চৌধুরী ও সম্পাদক সোলাইমান আকাশ, ইউপি সদস্য ইফতেহার উদ্দিন মুরাদ, রুমা আক্তার, মাওলানা ওসমান, তফজ্জল হোসেন রফিক, অনিতা রাণী নাথ, সচিব খায়রুল আসলামসহ বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল গণহত্যার স্মৃতি তুলে ধরে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ প্রসঙ্গে ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণের প্রতিটি শব্দের সঙ্গে রক্ত মিশে আছে, এই রক্তের ঋণ শোধ করার নয়।
