কাপ্তাই হ্রদে দুই শতাধিক যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে লঞ্চ, অল্পের জন্য রক্ষা

অনলাইন ডেস্ক

রাঙামাটির জুরাছড়ি উপজেলার নৌপথে পাগুজ‌্যাছড়ি এলাকায় কাপ্তাই হ্রদে প্রায় দুই শতাধিক যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি লঞ্চ। এতে লঞ্চে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে লঞ্চটি তাৎক্ষণিক পার্শ্ববর্তী তীরে ভেড়ানো হলে যাত্রীরা সেখানে নিরাপদে নেমে যান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ বিন আখন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জুরাছড়ি থেকে রাঙামাটিগামী যাত্রীবাহী লঞ্চটি ডুবে থাকা গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যায় এবং ছিদ্র হয়ে পানি ঢুকে। চালক দ্রুততার সঙ্গে লঞ্চটিকে তীরে নিয়ে এসে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেয়। তবে এ ঘটনায় কোনো ধরনের হতাহত হয়নি। পরে আলাদা একটি বোট দিয়ে যাত্রীরা নিরাপদে গন্তব্যে চলে যান। লঞ্চটি খালি হওয়ার পর রাঙামাটি সদরে চলে যায়।

রাঙামাটি লঞ্চ মালিক সমিতির লাইনম্যান বিশ্বজিৎ দে বলেন, জুরাছড়ি থেকে ছেড়ে আসা লঞ্চটি হঠাৎ এ দুর্ঘটনার কবলে পড়ে। লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং ছুটোছুটি শুরু করেন।

পরে চালক তাৎক্ষণিকভাবে লঞ্চটি দ্রুত তীরে ভিড়লে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। তীরে ভেড়ানোর পর লঞ্চ থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights