নবাবপুরে শ্রমিক মেস থেকে আগুনের সূত্রপাত, ধারণা পুলিশের

অনলাইন ডেস্ক

রাজধানীর পুরান ঢাকার নবাবপুরে ভাই ভাই গলিতে শ্রমিকদের থাকার মেস থেকে গোডাউনে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সোয়া একটার দিকে এ কথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জাফর হোসেন।

তিনি জানান, রাজধানীর নবাবপুরে ভাই ভাই গুলিতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ভাই ভাই গলিতে শ্রমিকদের থাকার জন্য কাঠের পাটাতন ও টিন দিয়ে তৈরি একটি মেস আছে। সেখানে তারা তিতাস গ্যাসের পাশাপাশি বাইরের থেকে কিনে আনা গ্যাস দিয়েও রান্না করে। ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত সেখান থেকেই। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি হার্ডওয়্যার ও একটি বেকারির গোডাউনে।

পুলিশের এই কর্মকর্তা জানান, ফায়ার সার্ভিস তদন্ত করে দেখবে আগুনের সূত্রপাত কোথা থেকে। এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার জানান, পুরান ঢাকার নবাবপুরে একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১০টার পর আগুনের খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পাঠানো হয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। পরে আরও চারটি ইউনিট সেখানে যোগ দেয়।

অবশেষে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সম্মিলিত চেষ্টায় রাত ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights