যুদ্ধে ইরানের ৯৩ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক

ইরানের ওপর গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। ওই দিন থেকেই পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। এভাবেই টানা ২৯তম দিনের যুদ্ধে ইরানের ৯৩ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে তেহরানেই ৩১ হাজার ৫৬২টি আবাসিক ও বাণিজ্যিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি এই তথ্য জানিয়েছে।

রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, যুদ্ধ পঞ্চম সপ্তাহে পদার্পণ করার সাথে সাথে ইসরায়েলি-মার্কিন বিমান হামলায় ইরানের ৯৩ হাজারের বেশি বেসামরিক সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বিভিন্ন প্রদেশে ৭১ হাজার ৫৪৭টি ঘরবাড়ি এবং ২০ হাজার ৭৭৯টি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। শুধুমাত্র তেহরানেই ৩১ হাজার ৫৬২টি আবাসিক ও বাণিজ্যিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলাগুলো অত্যাবশ্যকীয় সেবা খাতের ওপরও আঘাত হেনেছে।

কর্তৃপক্ষের নথিপত্র অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ২৯৫টি স্বাস্থ্য ও জরুরি সেবা কেন্দ্র এবং ৬০০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের কর্মকর্তারা বলেছেন, জরুরি সেবার কাজে নিয়োজিত ৪৮টি যানবাহন এবং ৪৬টি অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রেড ক্রিসেন্ট ও জরুরি বিভাগ পরিচালিত তিনটি উদ্ধারকারী হেলিকপ্টারও হামলার কবলে পড়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। ওই দিন থেকেই পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। এভাবেই টানা ২৯তম দিন গড়িয়েছে যুদ্ধ। ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য।

সূত্র : আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights