‘আমি বিস্মিত, আমি অভিভূত’
অনলাইন প্রতিবেদক
‘আমি বিস্মিত, আমি অভিভূত, এটা আমাদের সারা জীবনের জন্য মনে থাকবে এবং কাজের স্পৃহা বাড়াবে।’ এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফারজানা মান্নান।
আজ সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান হঠাৎ করেই বিভিন্ন মন্ত্রণালয়ে যান এবং অফিসকক্ষ পরিদর্শন করেন। এসময় তিনি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং বিদ্যুৎ সাশ্রয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী বিশেষভাবে বলেন যে, যদি কোনো কর্মকর্তা রুমে না থাকেন বা কাজ শেষ হয়ে যায়, তবে যেন অবশ্যই লাইট ও ফ্যান বন্ধ রাখা হয়। দেশের সম্পদ রক্ষায় এবং উন্নয়নের গতি ত্বরান্বিত করতে তিনি সবাইকে একযোগে এবং সচেতনভাবে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শনকালে একপর্যায়ে প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপস্থিত হন। সেখানে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফারজানা মান্নানের কক্ষে প্রবেশ করেন। হঠাৎ সামনে প্রধানমন্ত্রীকে দেখে প্রথমে তিনি বাকরুদ্ধ হয়ে যান। কারণ তিনি জীবনে ভাবতেই পারেননি যে প্রধানমন্ত্রী তার কক্ষে আসবেন। এসময় প্রধানমন্ত্রী তার খোঁজখবর নেন এবং বলেন, ‘আমাদের সবাইকে মিলে দেশকে এগিয়ে নিতে হবে। কাজ শেষ করে রুম থেকে বের হওয়ার সময় যেন আমরা সবাই বিদ্যুতের অপচয় রোধে সচেতন থাকি।’
প্রধানমন্ত্রীর এমন সাধারণ ও দায়িত্বশীল আচরণে এবং আকস্মিক আগমনে ফারজানা মান্নান নিজের অনুভূতি প্রকাশ করে বলেন,‘আমি বিস্মিত, আমি অভিভূত। প্রধানমন্ত্রীর এই হঠাৎ পরিদর্শন ও দিকনির্দেশনা আমাদের সারা জীবনের জন্য মনে থাকবে এবং আমাদের কাজের স্পৃহা বহুগুণ বাড়িয়ে দেবে।’
