বরিশালে বাংলা নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করেছে উদীচী, বরিশাল নাটক ও চারুকলা। এছাড়া বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় নগরীর ব্রজমোহন বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত, মঙ্গলগীত, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও গুণীজন সম্মাননা, রাখি বন্ধনসহ মঙ্গল শোভাযাত্রার ভার্চুয়াল উদ্ধোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।

বিএম স্কুল মাঠে সকাল সাড়ে ৬টায় প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের বৈশাখী উৎসব শুরু করে উদীচী ও বরিশাল নাটক। এরপর রাখি বন্ধন ও ঢাক উৎসব অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় শুরু হয় সার্বজনীন মঙ্গল শোভাযাত্রা। বিএম স্কুল থেকে শুরু হয়ে মঙ্গল শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় আবহমান বাংলার সংস্কৃতির বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলতে কৃত্রিম বাঘ, টাট্টু, ঘোড়া, পাখি, বাঁশি বাদক রাখালের ভাষ্কর্য, লোকচিত্র, মুখোশ, রাখি ও মুকুট নিয়ে অংশ নেয় তারা।
এছাড়াও সকাল ১০টায় আয়োজন করা হয় চিত্রাংকন প্রতিযোগিতা। পহেলা বৈশাখ থেকে ৩ বৈশাখ পর্যন্ত বিএম স্কুল মাঠে আয়োজন করা হয়েছে ৩৯তম উদীচী বৈশাখী মেলার। প্রতিদিন সন্ধ্যায় মেলা মাঠে আয়োজন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। নতুন বছরে সবার মঙ্গল কামনা করেছেন অংশগ্রহণকারীরা।

বরিশালে প্রতিবছর দুটি মঙ্গল শোভাযাত্রা হলেও এবছর সম্মিলিতভাবে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। সব ধর্ম বর্ণ ও বয়সের মানুষের অংশগ্রহণে এবারের বাংলা বর্ষবরণ উৎসব মুখর হয়েছে বলে জানান উদীচী বরিশাল সভাপতি সাইফুর রহমান মিরণ। আজকের এই দিনে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের প্রত্যাশা করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

এদিকে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কোতয়ালী থানার ওসি মো. আনোয়ার হোসেন। পহেলা বৈশাখকে কেন্দ্র করে বরিশালে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights