মার্কিন বাহিনীকে সরানোর এটাই সময়, সৌদি আরবকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে কূটনৈতিক বার্তা দিল তেহরান। আব্বাস আরাগচি সৌদি আরবের উদ্দেশে বলেছেন, এখনই সময় অঞ্চল থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়ার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি এ কথা বলেন।

পোস্টে তিনি সৌদি আরবকে ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ হিসেবে উল্লেখ করে বলেন, ইরান সবসময় সৌদি আরবকে সম্মান করে এসেছে এবং ভবিষ্যতেও সেই সম্পর্ক বজায় রাখতে চায়। তবে তিনি স্পষ্ট করেন, যারা আরব বা ইরানিদের সম্মান করে না-ইরানের সামরিক অভিযান মূলত তাদের বিরুদ্ধেই পরিচালিত হচ্ছে।

নিজের পোস্টে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত একটি মার্কিন বিমানের ছবিও প্রকাশ করেন তিনি, যা এই বার্তার প্রতীকী দিককে আরও জোরালো করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে, সংঘাতের সম্ভাব্য সময়সীমা নিয়ে নতুন মন্তব্য এসেছে ওয়াশিংটন থেকেও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন, ইরানকে ঘিরে চলমান সামরিক অভিযান চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই এই সময়সীমার কথা বলে আসছেন এবং এখনো তার অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।

তিনি আরও বলেন, ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে এবং তা ইতিবাচকভাবেই এগোচ্ছে। তবে একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র স্থল সেনা মোতায়েনের পথ থেকেও সরে আসেনি। কূটনৈতিক সমাধানই এখনো প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম পছন্দ, কিন্তু পরিস্থিতি যেদিকে যাবে, সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র : বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights