আজহারীর ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করে সফরের মাঝপথেই অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ইহুদিবিরোধী মন্তব্য ও অ্যাডলফ হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ হিসেবে আখ্যা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি এই ধর্ম প্রচারক তার ‘লিগ্যাসি অব ফেইথ’ সিরিজের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফর করছিলেন। সফরের মাঝপথে মঙ্গলবার আজহারীর ভিসা বাতিল করা হয়। তিনি এখন অস্ট্রেলিয়া ত্যাগের অপেক্ষায় আছেন। অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম জানান, আজহারীর আগমন সম্পর্কে তাকে এবং অন্যান্য সংসদ সদস্যদের বিভিন্ন গোষ্ঠী সতর্ক করেছিল। ডেইলি মেইলের প্রতিবেদনে আরও দাবি করা হয়, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে দেওয়া একটি বক্তব্যে আজহারী ইহুদিবিদ্বেষী বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেছিলেন। যেখানে তিনি হলোকাস্টের প্রশংসা করে ইহুদিদের অমানুষ হিসেবে চিত্রিত করেন এবং শ্রোতাদের তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। আজহারী হিটলারকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে বর্ণনা করেছিলেন। পাশাপাশি তিনি ইহুদিদের বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী এবং বিষাক্ত কলঙ্ক হিসেবে অভিহিত করেছিলেন। এদিকে ভিসা বাতিলের প্রতিক্রিয়ায় মিজানুর রহমান আজহারী বলেন, বিভিন্ন দেশে বক্তাদের সফর ঘিরে চাপ বা প্রভাব থাকা অস্বাভাবিক নয়; আমার ক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে। কিছু নির্দিষ্ট স্বার্থান্বেষী মহল ও নাস্তিক্যবাদী পক্ষ পরিকল্পিতভাবে একজোট হয়ে পুরোনো, বিচ্ছিন্ন বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে তুলে এনে প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছে। একই ভিডিওর সূত্র ধরে কয়েক বছর আগে যুক্তরাজ্যেও বাধা সৃষ্টি করা হয়েছিল। তিনি আরও বলেন, আমি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। আমার বহু আলোচনাতেও যা স্পষ্ট প্রতীয়মান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights