বগুড়ায় জমে উঠেছে উপনির্বাচনের প্রচার

আবদুর রহমান টুলু, বগুড়া

আর সপ্তাহখানেক বাকি বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন। এ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে। আসনটি কেন্দ্র করে প্রার্থীদের প্রচার, সমর্থকদের জমায়েত এবং ভোটারদের আগ্রহে পুরো এলাকা এখন সরগরম। সদর আসনে এবার সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী দলের জেলা সভাপতি রেজাউল করিম বাদশা। মাঠপর্যায়ে প্রচারের দিক থেকে ধানের শীষের পক্ষে সমর্থকদের ব্যাপক উপস্থিতি এবং সক্রিয়তা লক্ষ করা যাচ্ছে।

এদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেলও ভোটারদের মাঝে প্রচারে ব্যস্ত সময় পার করছেন। তিনি দিনরাত গণসংযোগসহ বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। সাবেক ছাত্রনেতা, রাজনীতি বিশ্লেষক মহসিন আলী রাজু বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিজয়ী হওয়ার পর বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। যার ফলে এ আসনটিতে উপনির্বাচন হচ্ছে। এ আসনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপির রেজাউল করিম বাদশা ও জামায়াতের আবিদুর রহমান সোহেল। তবে কোনো প্রার্থীই ছাড় দিচ্ছেন না। জয়ের ব্যাপারে সবাই আশাবাদী। এ ক্ষেত্রে যেহেতু বিএনপি ক্ষমতায় তাই ভোটারদের সুদৃষ্টি একটু বেশিই পাবেন দলটির প্রার্থী।’

বগুড়া-৬-এর উপনির্বাচনে বিএনপি, জামায়াত ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার। বগুড়া-৬ আসনটি দীর্ঘদিন ধরেই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত নির্বাচনে এখানে বিএনপির প্রার্থীরা বড় ব্যবধানে জয় পেয়েছেন। সর্বশেষ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোটে বিজয়ী হন তারেক রহমান। বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন।

বিএনপি মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক কালাম আজাদ জানান, ‘দীর্ঘ ১৭ বছর বগুড়ার মানুষ উন্নয়ন ও বঞ্চনার শিকার হয়েছে। এবার তার অবসান ঘটেছে। বিএনপি সরকার গঠনের পর মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণের মধ্য দিয়ে তাঁর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। বগুড়ার প্রতি তারেক রহমানের বরাবরই সুনজর রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights