দুই বছর পর ‘প্রাঙ্গণেমোর’
সাংস্কৃতিক প্রতিবেদক
দীর্ঘ প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে অবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ফিরেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’। এ উপলক্ষে শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী নাটক মঞ্চায়ন শুরু করেছে শীর্ষস্থানীয় এ নাট্যদলটি। তিন দিনের এ নাট্যায়োজনে তারা দুটি নাটক মঞ্চায়ন করতে যাচ্ছে। প্রতিটি নাটকই মঞ্চায়ন করা হচ্ছে একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। গতকাল সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’র মঞ্চায়নের মধ্য দিয়ে শুরু হয় তিন দিনের এ নাট্যায়োজন।
রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে ‘শেষের কবিতা’র নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা এবং নির্দেশনায় ছিলেন নূনা আফরোজ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, ইউসুফ রাসেল, সাহেদ সরদার, গুলশান বহ্নি, বাঁধন সরকার, নাসরীন মিশু, তমা হোসেন, সীমান্ত আমীন, তন্বী ইসলাম মিষ্টি, ফাহিম মুনতাসির, নাঈম ইসলাম প্রমুখ। আজ ও আগামীকাল একই মিলনায়তনে মঞ্চায়ন হবে উৎপল দত্তের অমর সৃষ্টি ‘টিনের তলোয়ার’। বিগত দুই বছর শিল্পকলা একাডেমিতে নাটক মঞ্চায়নের সুযোগ না পেলেও প্রাঙ্গণেমোর নিয়মিতভাবে নাটক প্রদর্শনী করে আসছিল বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে। তবে নাট্যকর্মীদের প্রাণের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত জাতীয় নাট্যশালায় ফেরার এ ক্ষণকে স্মরণ করতে দলটি তিন দিনের এ নাটক মঞ্চায়নের আয়োজন করেছে বলে জানিয়েছেন দলপ্রধান নাট্যকার, অভিনেতা ও নির্দেশক অনন্ত হিরা।
