জয়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
এশিয়ান গেমস বাছাইপর্ব শুরু করলো জয় দিয়ে বাংলাদেশ জাতীয় হকি দল। ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে বৃহস্পতিবার চায়নিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়েছে আমিরুল-রাব্বি নেতৃত্বাধীন দল। বাংলাদেশ আগামীকাল প্রিলিমিনারি রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে মুখোমুখি হবে।

ম্যাচে প্রথম কোয়ার্টার ছিল সমানে সমান। শুরুতে চায়নিজ তাইপের লি চি-শুয়ান চতুর্থ মিনিটে গোল করেন। বাংলাদেশ সমতা ফেরায় ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম গোল করেন। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ সমতায়।

দ্বিতীয় কোয়ার্টার থেকে বাংলাদেশ আক্রমণ বাড়ায়। ২২ মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল ইসলাম। তৃতীয় কোয়ার্টারে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের তৃতীয় গোলটি করেন। চতুর্থ কোয়ার্টারে চায়নিজ তাইপ আবার জোরালো চেষ্টা করলেও শেষ মুহূর্তে ৫৯ মিনিটে দ্বীন ইসলাম একটি গোল করলে বাংলাদেশ ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে।

চায়নিজ তাইপের বিপক্ষে বাংলাদেশ আগের তিন সাক্ষাতেও জয় পেয়েছে। গত বছর ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপে বাংলাদেশ ৮-৩ গোলে জয়ী হয়েছিল। অন্য দুটি ম্যাচে ৪-২ ও ১১-৩ ব্যবধানের জয়ের রেকর্ড রয়েছে।

এশিয়ান গেমস বাছাইপর্বে নয় দলের মধ্যে শীর্ষ ছয় দল মূল আসরে খেলার সুযোগ পাবে। প্রতিযোগিতা চলবে ১০ এপ্রিল পর্যন্ত। এ বছরের সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ২০তম আসর।

বাংলাদেশ হকি দল এখন পর্যন্ত এশিয়ান গেমসে ১১ বার অংশ নিয়েছে। সর্বোচ্চ সাফল্য হিসেবে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ স্থান অর্জন করেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights