ইসরাইলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

অনলাইন ডেস্ক
ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আবারও দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান -এমনটাই দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এক বিবৃতিতে সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি অনুযায়ী ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হামলার পরপরই দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ শুরু করে।

অন্যদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা তেল আবিব ও ইলাত অঞ্চলে ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং সামরিক শিল্প স্থাপনাগুলো লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে। তাদের দাবি, এসব হামলায় ইসরায়েলি বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

এ পরিস্থিতির মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই চিঠিতে তিনি প্রশ্ন তোলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান যুদ্ধনীতি আদৌ দেশটির জনগণের স্বার্থ রক্ষা করছে কি না।

চিঠিতে তিনি মার্কিন নাগরিকদের উদ্দেশে জানতে চান, চলমান এই সংঘাত থেকে তাদের প্রকৃত কী লাভ হচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেন, আধুনিক ইতিহাসে ইরান কখনো আগ্রাসন বা উপনিবেশবাদের পথ অনুসরণ করেনি এবং কোনো যুদ্ধের সূচনা করেনি।

পেজেশকিয়ান আরও বলেন, ইরানকে একটি হুমকি হিসেবে তুলে ধরার যে প্রচেষ্টা চলছে, তা মূলত বিশ্ব রাজনীতির ক্ষমতাবানদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে। তার অভিযোগ, ইরানের পার্শ্ববর্তী অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিই উত্তেজনা বাড়াচ্ছে। উপসাগরীয় অঞ্চলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে তিনি আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ শুরু করার পর থেকে আঞ্চলিক উত্তেজনা অব্যাহত রয়েছে। হামলার পাল্টা জবাবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক ঘাঁটি অবস্থিত উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান।

সূত্র : আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights