মার্কিন অ্যাটর্নি জেনারেল বরখাস্ত, ভেতরে কী ঘটছে
অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রশাসনে অস্থিরতা বেড়েছে। এরই ধারাবাহিকতায় দেশটির অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এর আগে একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাম বন্ডির কাজ নিয়ে সন্তুষ্ট ছিলেন না ট্রাম্প। বিশেষ করে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত তদন্তে ধীরগতিতে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
এ ছাড়া রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা না নেওয়াতেও অ্যাটর্নি জেনারেলের প্রতি ক্ষুব্ধ ছিলেন প্রেসিডেন্ট।
অপসারণের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প জানান, পাম বন্ডিকে বেসরকারি খাতের একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হবে।
এক পোস্টে তিনি বলেন, পাম বন্ডি একজন দেশপ্রেমিক এবং তার বিশ্বস্ত সহযোগী, যিনি দায়িত্ব পালনে নিষ্ঠা দেখিয়েছেন।
পদ হারানোর পর পাম বন্ডি বলেন, যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ করতে কাজ করা তার জীবনের বড় সম্মানের বিষয় ছিল। তিনি আগামী এক মাসের মধ্যে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া শেষ করবেন।
তবে তার মেয়াদকালে বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ।
পাম বন্ডির স্থলাভিষিক্ত হিসেবে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ। তিনি এর আগে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন।
রয়টার্স
